এবার নওয়াজুদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে তার স্ত্রী আলিয়ার দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রতিনিয়ত একে অন্যের ওপর নিত্যনতুন অভিযোগ আনছেন তারা। এবার নওয়াজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তার স্ত্রী। ইতোমধ্যে ভারসোভা থানায় ধর্ষণের মামলা করেছেন আলিয়া।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় এমন অভিযোগ তোলেন আলিয়া। পাশাপাশি তিনি বলেন, ‘যে কোনোদিনই সন্তানদের দায়িত্ব নিল না, যে জানতেই পারল না কীভাবে সন্তানেরা বড় হয়ে গেল, সে এখন দায়িত্ব নিতে এসেছে। আসলে ও আমার সন্তানদের কেড়ে নিতে চায়। ক্ষমতার জোরে ভালো বাবা হওয়ার চেষ্টা করছে। আসলে ও নিজের ক্ষমতার অপব্যবহার করে এক মায়ের কোল খালি করতে চাইছে।’

তিনি আরও বলেন, ‘আমার সন্তানরা জানেই না বাবার স্নেহ কী হয়, তুমি অর্থের জোরে সবকিছু কিনতে পারলেও আমার সন্তানদেরকে আমার থেকে আলাদা করতে পারবে না।’

আলিয়া-নওয়াজের সম্পর্ক অনেকদিন ধরেই ভালো নেই। দীর্ঘদিন আলাদা ছিলেন তারা। বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু করোনা মহামারিতে দূরত্ব ভুলে ফের এক ছাদের নিচে আসেন তারা। তবে এ ভালোবাসা আর দীর্ঘায়িত হয়নি।

এনবিএস/ওডে/সি

Walton Ads