মমতা বৈঠক ডেকেছেন, যাচ্ছে না অনেক বিরোধী দল

 রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election 2022) বিরোধী ঐক্য মজবুত করতে বুধবার দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে ২২টি বিরোধী দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এদিন দুপুর পর্যন্ত খবর, একাধিক বিজেপি বিরোধী গুরুত্বপূর্ন আঞ্চলিক দল মমতার ডাকা বৈঠকে যাচ্ছে না।

বৈঠকে না যাওয়া দলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলেঙ্গানার শাসকদল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS)। টিআরএস সুপ্রিমো তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KC Rao) এর আগে বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের অটুট ঐক্যের ব্যাপারে মমতার সঙ্গে একমত হয়েছিলেন। কিন্তু কংগ্রেসকে এই বৈঠকে আমন্ত্রণ জানানোয় বেঁকে বসেছেন কেসিআর।

টিআরএস-এর তরফে পষ্টাপষ্টি বলে দেওয়া হয়েছে, ‘কোনও ভাবেই কংগ্রেসের সঙ্গে মঞ্চ শেয়ার করা যায় না।” তাই তারা মমতার ডাকা বৈঠকে হাজির থাকছে না।

তৃণমূলনেত্রীর আমন্ত্রণ পেয়েও বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা বলেছে, আগে বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করুক। তারপর তারা এ ব্যাপারে ভাববে।

মমতার ডাকা বৈঠকে যাচ্ছে না ওড়িশার শাসকদল বিজেডির কোনও প্রতিনিধিও। একই ভাবে অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসেরও কেউ বুধবার বিকেলে দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে থাকছেন না বলে খবর। মিম নেতা আসাদউদ্দিন ওয়াসি বলেছেন, “আমাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। জানানো হলেও আমরা যেতাম না, কারণ কংগ্রেস ওই বৈঠকে যাবে।” বৈঠকে যোগ দিচ্ছে না পাঞ্জাবের শিরোমণি আকালি দলও।

ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুল গান্ধীকে বুধবারও জেরা করছে ইডি। সনিয়া গান্ধী কোভিড নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন, সাবেক দলের পক্ষে মমতার ডাকা বৈঠকে থাকছেন মল্লিকার্জুন খাড়গে।

তবে পর্যবেক্ষকদের মতে, এতগুলি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দল মমতার ডাকে বৈঠকে না যাওয়াকে বিরোধী ঐক্যে ফাটল বলেই দেখানোর চেষ্টা করবে বিজেপি তথা এনডিএ। এখন দেখার শেষপর্যন্ত কারা যান দিদির ডাকা বৈঠকে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads