ধারাল অস্ত্রের আঘাতে প্রাণ হারালেন দশম শ্রেণির এক ছাত্র। ঘটনার অভিযোগে অভিযুক্ত ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। নৃশংস এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়, স্কুলে অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন।

মঙ্গলবার, ১৯ আগস্ট গুজরাটের আমদাবাদের খোকরা এলাকায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দুই ছাত্রের মধ্যে প্রথমে তর্কাতর্কি হয়, তা থেকে পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই সময় অষ্টম শ্রেণির ছাত্রটি ধারাল অস্ত্র দিয়ে দশম শ্রেণির ছাত্রকে কোপায়।

রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও তার জীবন রক্ষা করতে পারেননি, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দশম শ্রেণির ওই কিশোরের।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে ভিড় জমান অভিভাবক ও স্থানীয় মানুষজন। তাদের ক্ষোভ ফেটে পড়ে বিক্ষোভে। অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাকর্মীরাও উত্তপ্ত জনতার মারধরের শিকার হন। পুলিশের উপস্থিতিতেও চলে ভাঙচুর।

স্কুলের পার্কিংয়ে থাকা গাড়ি, মোটরবাইক এবং বাসও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে।
এই রক্তাক্ত ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রশাসন স্কুল চত্বরে নিরাপত্তা বাড়িয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
 

Walton Ads