পার্থকে রাজনীতিতে এনেছিলাম, খুব দুঃখ পেয়েছি: শোভনদেব

 পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাতে থাকা পরিষদীয় দফতর এখন তাঁর হাতে। সেই তিনিই বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) সোমবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন, যাঁকে তিনি রাজনীতিতে এনেছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলজীবন কাটাচ্ছেন। এটা তাঁর কাছে দুঃখের।

২২ শ্রাবণের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের অনুষ্ঠান ছিল বিধানসভায়। তারপর প্রসঙ্গক্রমে পার্থর কথা ওঠে। শোভনদেববাবু বলেন, “একদিন একটা বাচ্চা ছেলে এসে বলেছিল, আপনি মাথার উপর না থাকলে রাজনীতি করতে পারব না। আজকে সেই পার্থ জেলে। এটা আমার কাছে দুঃখের।”

সিন্ধুর ইতিহাস, গেমসে সোনা জিতে স্বপ্নপূরণ ভারতীয় ব্যাডমিন্টন রানির

তিনি আরও বলেন, “পার্থ ওর বইতেও লিখেছিল যে, আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখ পেয়েছি। যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসতে পারে তাহলে খুশি হব।”

এ বাদ দিয়ে আর কিছু বলতে চাননি শোভনদেব। ব্যক্তিগত অনুভূতির কথা বলার পর তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এ ব্যাপারে কথা বলার বিষয়ে দলের বারণ রয়েছে। এও বলেন, “আমি দলের অনুগত। দল যেটা বলবে সেটাই আমার কাছে চূড়ান্ত।”

রাজনৈতিক মহলের মতে, পার্থর বান্ধবী সঙ্গ কিংবা সেই বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার জনমানসে যেমন প্রতিক্রিয়া তৈরি করেছে তেমন শাসকদলের অনেক নেতাও অবাক হয়েছেন। হতে পারে সেই অবাক হওয়ার জায়গা থেকেই শোভনদেব এদিন বলেছেন, পার্থর ঘটনায় তিনি দুঃখ পেয়েছেন। যাঁকে হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন আজকে দেখতে হচ্ছে তিনিই জেলের মেঝেয় শুচ্ছেন, চেয়েচিন্তে পেতে হচ্ছে একটা খাট! দুঃখ তো হওয়ারই কথা।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads