সার্ভিস রিভলভার বের করে সটান গুলি! কর্তব্যরত অবস্থায় আত্মহত্যা চাকদহের এসএসবি কর্মীর
কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভলভার (service revolver) থেকে গুলি করে আত্মঘাতী (commits suicide) হলেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এসএসবির (SSB) এক কর্মী।
মৃত যুবকের নাম কৌশিক বিশ্বাস। তাঁর বাড়ি নদিয়ার (Nadia) চাকদহ থানার চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। জানা গেছে, ২০১৭ সালে এসএসবি পরীক্ষা দিয়ে চাকরি পান তিনি। বর্তমানে নেপাল ও ভুটান সীমান্ত রক্ষার দায়িত্বে এসএসবির অসম দফতরে কর্মরত ছিলেন। রবিবার সকালে নিজের কর্মক্ষেত্রেই সার্ভিস রিভলভার বের করে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।
কৌশিকের সহকর্মীরাই মর্মান্তিক ঘটনার খবর দেন তাঁর পরিবারকে। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারটি। জানা গেছে, বছর দুয়েক আগে অমৃতা বিশ্বাস নামে এক এক তরুণীর সঙ্গে বিয়ে হয় কৌশিকের। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। কৌশিকের বাবা কৃত্তিবাস বিশ্বাস পেশায় একজন কৃষিজীবী। কৌশিকের এক বোনও রয়েছে। আর্থিক দিক থেকে পুরো পরিবার কৌশিকের উপরে নির্ভরশীল ছিল বলে সূত্রের খবর।
কী কারণে ওই যুবক এমন মর্মান্তিক কাণ্ড ঘটালেন তা এখনও স্পষ্ট নয়। কৌশিকের পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাঁরই এক বন্ধু বিভিন্ন সময়ে বারেবারে কৌশিকের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই কৌশিক এমন কাণ্ড ঘটিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর মৃতদেহ আজ সোমবার বাড়িতে আনা হবে। আকস্মিক এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে