রক্তাক্ত অবস্থায় মাঠের ধারে পড়ে ‘ধর্ষিতা’ নাবালিকা! সাহায্যের বদলে ভিডিও করতে ব্যস্ত সবাই
মানুষের মধ্যে থেকে কি ধীরে ধীরে মানবিকতা উবে যাচ্ছে? উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ঘটে যাওয়া এক ঘটনা ঘিরে ফের আলোচনায় এল এই প্রশ্ন।
ব্যাপারটা কী?
উত্তরপ্রদেশের কন্নজ এলাকার এক সরকারি গেস্ট হাউসের সামনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage) ধরা পড়েছে মর্মান্তিক ফুটেজ। দেখা যাচ্ছে, এক নাবালিকা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মাঠের ধরে, আর সাহায্যের জন্য কাতর আর্তি জানাচ্ছে। কিন্তু তাকে ঘিরে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষেরা তার কথায় কর্ণপাত না করেই মোবাইলে ভিডিও তুলতে ব্যস্ত!
বেশকিছুক্ষণ পরে একটি পুলিশ কর্মী ছুটে এসে ভিড় সরিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ সূত্রে খবর, মেয়েটির বয়স ১৩ বছর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণ করা হয়েছে তাকে। যদিও এখনও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আসেনি।
পুলিশ ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, রবিবার দুপুরে মেয়েটি দোকানে যাবে বলে বের হয়। কিন্তু পাঁচ ঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরে না সে। পরে তাকে সরকারি ওই গেস্ট হাউসের সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ সূত্রের আরও খবর, ওই নাবালিকার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। এমনকী মাথাতেও গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/এক