দক্ষিণ আফ্রিকায় পাচারকারীদের কবল থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার পুলিশ জিম্বাবুইয়ান হোতাসহ অপহরণ চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে। স্থানীয় এক ব্যবসায়ীকে অপহরণে জড়িত ছিল তারা। এবার দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় এমপুমালাঙ্গা প্রদেশ থেকে মানব পাচারকারী চক্রের কবল থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পঞ্চাশোর্ধ্ব এক বাংলাদেশিকে।

সোমবার স্থানীয় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের উদ্ধার করে। প্রদেশের কামাগুগু এলাকার একটি বাড়িতে তাদের জিম্মি করে রাখা হয়েছিল।

পুলিশের ব্রিগেডিয়ার সেলভি মোহলালা জানান, ওই বাংলাদেশিদের ঘরের মধ্যে জিম্মি করে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। তিনটি কক্ষের ওই বাড়িতে তাদের উদ্ধার করার সময় দেখা যায়, সবার মোবাইল ফোন একটি প্লাস্টিকের ব্যাগে রেখে দেয়া হয়েছে, যেন তারা তাদের স্বজন বা শুভানুধ্যায়ী কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

সেলভি মোহলালা আরও জানান, ওই বাড়ির তত্ত্বাবধানে থাকা ৫২ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মানব পাচারের মামলায় শিগগিরই আদালতে তোলা হবে।

এই পুলিশ কর্মকর্তা জানান, উদ্ধার ১৯ বাংলাদেশির বিষয়ে অভিবাসন আইন লঙ্ঘনের ধারায় ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, এই বাংলাদেশিদের গন্তব্য এবং তাদের এখানে নিয়ে আসা চক্রের হোতাদের খুঁজে বের করতে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, এদের কিছু লোককে মিডেলবার্গ শহরে এবং কিছু লোককে জোহানেসবার্গে নেয়া হচ্ছিল।

এনবিএস/ওডে/সি

Walton Ads