লন্ডনের বাংলা টাউনে ব্রিটিশ রাজা ও কুইন কনসোর্ট ক্যামিলা: হাজার হাজার মানুষের ভীড়
পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বাংলাটাউনের আলতাব আলী পার্ক, ব্রিকলেন ও ব্রিকলেন জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা।
বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় রাজা প্রথম আসেন ব্রিটিশ বাঙালিদের বর্ণবাদবিরোধী আন্দোলনের স্মৃতির পতিক আলতাব আলী পার্কে। রাজা ও কুইন কনসোর্ট ক্যামিলা সেখানে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান রাজ সফরের আয়োজক ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশন (বিবিপিআই)-এর প্রতিষ্ঠাতা আয়েশা কোরেশি এমবিই জেপি এবং কাউন্সিলার আবদাল উল্লাহ।
আলতাব আলী পার্কে রাজা ও কুইন কনসোর্ট ক্যামিলাকে লন্ডনে বাঙালিদের বর্ণবাদবিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও বাঙালির ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনার সম্পর্কে ব্রিফ করেন আয়োজকরা। ষাট ও সত্তর দশকের বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ব্রিটিশ বাঙালিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাজা তৃতীয় চার্লস ও ক্যামিলা।
এরপর রাজা চলে আসেন ব্রিকলেনে। ব্রিকলেনের বাংলাটাউন গেটে রাজাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এসময় রাস্তার উভয় পাশে ব্রিটিশ পতাকা হাতে দাঁড়িয়ে রাজাকে স্বাগত জানান বাঙালিসহ অন্যান্য কমিউনিটির লোকজন। ব্রিটিশ বাংলাদেশি নৃত্যশিল্পীরা রাজার সামনে বাঙালি নৃত্য পরিবেশন করেন। রাজা ও কুইন কনসোর্ট ক্যামিলিয়া রাস্তার উভয় পাশে দাঁড়ানো ব্রিটিশ বাংলাদেশিদের সাথে করমর্দন করেন। বাংলা টাউনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে রাজাকে আপ্যায়ন করা হয়। কুইন কনসোর্টকে উপহার দেওয়া হয় বাংলাদেশি ঐতিহ্যের স্মারক জামদানি শাড়ি।
এরপর রাজা আসেন ব্রিকলেন জামে মসজিদে। মসজিদ ট্রাস্টের সদস্যরা রাজ দম্পতিকে স্বাগত জানানোর পাশাপাশি ব্রিকলেন মসজিদের ইতিহাস তুলে ধরেন। রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাটাউনে এটাই তার প্রথম সফর।
এনবিএস/ওডে/সি