কানাডায় কুমার নিবিড়ের ব্রেনের এমআরআই সম্পন্ন, অবস্থার উন্নতি
কানাডার টরোন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে’র সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়, তিনি আইসিইউতেই আছেন।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে নিবিড়ের পাকস্থলীতে অস্ত্রপচার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর নিবিড়ের দুটি অস্ত্রপচার হয়েছিলো।
কানাডার নন্দন টিভির স্বত্বাধিকারী নীল উৎপল জানান, নিবিড়ের যে আত্মীয় হাসপাতালে আছেন, তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর কথা হয়েছে। তিনি জানিয়েছেন, নিবিড়ের শারীরিক অবস্থা বুধবারের চেয়ে কিছুটা ভালো।'
নিবিড়কে টিউবের মাধ্যমে সামান্য তরল খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে।
গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘বিশ্বজিৎ জানালো, নিবিড় আগের চেয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ। চলুন দোয়া জারি রাখি। দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্তর আত্মার মাগফিরাত কামনা করি।’
সংগীতশিল্পী কিশোর দাসের সঙ্গেও কথা হয়েছে কুমার বিশ্বজিতের। কিশোর বলেন, ‘নিবিড়ের অবস্থা উন্নতির দিকে। মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় আগের চেয়ে এই মুহূর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা ও ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কথা হলো।
নিবিড়ের জন্য প্রার্থনা এবং গুজব না রটানোর অনুরোধ জানিয়ে কিশোর বলেন, ‘ঈশ্বর ওকে বাবা-মার কোলে সুস্থ ভাবে ফিরিয়ে দিক। সবাই ওকে আপনাদের আশীর্বাদ ও দোয়ায় রাখবেন। আর কেউ এই বিষয়ে ভুল কোনও তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এই অনুরোধ রইলো।
স্থানীয় সময় গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) টরেন্টোর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের কাছে স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি ছাত্র মারা যান। কুমার এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
এনবিএস/ওডে/সি