অ্যাঞ্জেলার মরদেহ দেশে পৌঁছাবে সোমবার ভোরে
কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী শিক্ষার্থী অ্যাঞ্জেলা বাড়ৈ শ্রেয়ার মরদেহ টরন্টো সময় শুক্রবার রাত ১০টায় মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সে করে দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় সোমবার ভোর রাতে ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে। টরন্টো থেকে প্রকাশিত নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর আমাদেরসময়ডটকমকে এ কথা জানান।
তিনি জানান, অ্যাঞ্জেলার বাবা এবং ছোটো ভাই ভিন্ন একটি ফ্লাইটে শুক্রবার দুপুরে টরন্টো থেকে রওয়ানা হয়েছেন। অ্যাঞ্জেলার বাবা ঢাকা বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণ করবেন।
ঢাকায় অ্যাঞ্জেলার শেষকৃত্য হবে সোমবার। বেলা ১১টায় নিউ ইস্কাটন রোডের সেইন্ট টমাস চার্চ এবং বিকেল ৪টায় তেজগাঁও হলি রোজারিও চার্চে তার শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর তাকে হলি রোজারিও চার্চের কবরস্থানে সমাহিত করা হবে।
আনুষ্ঠানিকতা বাকি থাকায় দুর্ঘটনায় নিহত অন্য দুজনের মরদেহ দেশে পাঠাতে আরো কয়েকদিন সময় লাগতে পারে।
টরন্টোতে ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে চারজন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ এবং আরিয়ান দীপ্ত ঘটনাস্থলেই নিহত হন। অপর শিক্ষার্থী, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার গুরুতর আহত হন। তিনি বর্তমানে টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এনবিএস/ওডে/সি