রূপান্তরকামী বন্দুকবাজ হামলা চালায় ন্যাশভিলের স্কুলে, সাত রকম আগ্নেয়াস্ত্র ছিল আততায়ীর কাছে
মহিলা থেকে পুরুষ হয়েছিল সে। রূপান্তরকামী বন্দুকবাজই সেদিন ন্যাশভিলের স্কুলে ঢুকে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি প্রদেশের ন্যাশভিলের এক বেসরকারি স্কুলে (US School), এক বন্দুকধারীর গুলিতে তিন শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ২৮ বছর বয়সি সেই বন্দুকধারীও। আততায়ীর পরিচয় সামনে এনেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম অড্রে এলিজাবেথ হেল। সে ছিল রূপান্তরকামী। খুব সম্প্রতি মহিলা থেকে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছিল। পুলিশ মনে করছে, রূপান্তরকামীরা সমাজের নানাদিকে এখনও অবহেলার শিকার। সেই আক্রোশ থেকেই এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছিল হেল। টেনেসি শিশু সুরক্ষা আইনে শিশুদের ট্রান্স সার্জারি এবং অন্যান্য দৈহিক পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ‘রূপান্তরকামীদের গণহত্যা’ করা হবে বলে ভুয়ো প্রচার চলছিল। সেই রাগ থেকেই এমন কাণ্ড ঘটাতে পারে হেল।
ন্যাশভিলের স্কুলের ঘটনার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, হাতে অ্য়াসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়ছে আততায়ী। তার হাতে রয়েছে দুটি অ্যাসল্ট রাইফেল এবং একটি ৯ মিলিমিটার পিস্তল। পরণে সাদা টিশার্ট এবং জংলা ছাপের প্যান্ট। টিশার্টের উপর একটি গাঢ় রঙের জ্যাকেট এবং মাথায় লাল রঙের টুপি। বন্দুক হাতে নিয়ে স্কুলের নানা প্রান্তে ঘুরে বেড়াতেও দেখা গেছে তাকে।
পুলিশ জানিয়েছে, সাত রকম আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকেছিল হেল। সব অস্ত্রেই নাকি লাইসেন্স ছিল তার কাছে। তার মধ্যে তিনটি দিয়ে সে শিশুদের খুন করে। শিক্ষার্থী তিনজনেরই বয়স ৯ বছর। তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। আর, প্রাপ্তবয়স্ক মৃতদের সকলেই স্কুলের কর্মচারী ছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় আততায়ীর।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে