লেবাননে ঘোষণা করা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি মূলত একটি সাহসী কূটনৈতিক প্রচেষ্টার ফল, যার নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদনে শাহবাজ শরিফের পোস্ট উদ্ধৃত করে জানানো হয়, তিনি আরও বলেছেন—লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য যেকোনো কূটনৈতিক উদ্যোগে ইসলামাবাদ সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।
বর্তমানে আঞ্চলিক সফরে রয়েছেন শাহবাজ শরিফ। তিনি বৃহস্পতিবার কাতারে পৌঁছান এবং সেখানে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। সফরের অংশ হিসেবে তিনি আগে সৌদি আরব সফর করেছেন এবং পরবর্তীতে তুরস্কে আরও বৈঠকের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইসলামাবাদ ইতোমধ্যে প্রথম দফার আলোচনার আয়োজন করেছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগিরই দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনাও রয়েছে।
