হুগলিতে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ, মৃত্যু বৈদ্যবাটির ১৫ বছরের কিশোরীর
গত কয়েক সপ্তাহ ধরেই ডেঙ্গির (Dengue) হটস্পট হয়ে উঠেছে হুগলি (Hooghly)। ফের এই জেলায় প্রাণ গেল এক কিশোরীর। শুক্রবার রাতে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী কায়ানাত পারভিনের। তার বাড়ি বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই কিশোরী জ্বরে ভুগছিল। শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন পুরসভার বিরুদ্ধে।
হুগলিতে গত এক মাসে এই নিয়ে ১০ জনের মৃত্যু হল ডেঙ্গিতে। শুধুমাত্র উত্তরপাড়াতেই ডেঙ্গি আক্রান্ত হয়ে চার জনের প্রাণ গিয়েছে। উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি, চাঁপদানি—একাধিক পুর এলাকায় ডেঙ্গি মারাত্মক আকার নিয়েছে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর নিজের ওয়ার্ডে প্রায় ঘরে ঘরে ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে প্রতিদিন। যা নিয়ে গোটা এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
দু’দিন আগেই নদিয়ার সভা থেকে ডেঙ্গি নিয়ে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ডেঙ্গি মশা জিন বদল করে ফিরে ফিরে আসছে। এ ব্যাপারে পুরসভা ও পঞ্চায়েতগুলিকে যথাযথ ভূমিকা পালনেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু দক্ষিণবঙ্গজুড়ে ডেঙ্গি যেন দানবীয় আকার নিয়েছে। যা ২০১৯-এর পরিস্থিতিকেও ছাপিয়ে গিয়েছে বলে মত অনেকের।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে